সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।
এর আগে গত ২০ মে রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলাটি করা হয়েছিল বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে। মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালে ফ্ল্যাট কেনার জন্য বাদী মোশাররফ হোসেনের সঙ্গে বিদিশার যোগাযোগ হয়। পরে ফ্ল্যাট বিক্রির চুক্তি হলেও নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ করা হয়।
রায় ঘোষণার সময় বিদিশা আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
রায়ের পর বিদিশা গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি মামলাটি সম্পর্কে অবগত নন এবং এ বিষয়ে কিছু জানেন না।
দীর্ঘদিন পর ওই মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করল পুলিশ।