আগামী নভেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী নভেম্বর মাস ধরেই আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি।’
তিনি জানান, সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে নির্বাচন আয়োজনের উপযুক্ত মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। তবে এ সময়ের মধ্যে পূজা, ঈদ ও রমজানসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় আয়োজন রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলেও জানান আব্দুর রহমানেল মাছউদ। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী নভেম্বরেই ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করা হবে। নির্বাচনের উপযুক্ত সময়, ধর্মীয় উৎসব এবং অন্যান্য বিষয় বিবেচনা করে ভোটের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট ভোটের তারিখ ঘোষণা করা হয়নি। নভেম্বরকে লক্ষ্য করে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে, চূড়ান্ত তফসিল ও ভোটের তারিখ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।