তিস্তা মহাপরিকল্পনার কাজ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং আগামী ২০২৭ সালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (২৫ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা থাকলেও প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতিমূলক কাজ অনেক দূর এগিয়েছে। তিনি জানান, বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। তাদের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।
আসাদুল হাবিব দুলুর মতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের বিস্তীর্ণ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার বড় ধরনের পরিবর্তন ঘটবে।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতে জেলার নেতৃত্ব তরুণদেরই নিতে হবে। নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও আঞ্চলিক ভাষাকে সম্মানের সঙ্গে ধারণ করার আহ্বান জানান তিনি।
এ সময় শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা, আবাসন সমস্যা এবং উচ্চশিক্ষার সুযোগ নিয়ে কথা বলেন মন্ত্রী। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির তহবিলে ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি। পাশাপাশি মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
রোকন উদ্দিন বাবুল বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পূর্ণাঙ্গভাবে চালু করা এবং চার লেন সড়ক বুড়িমারী পর্যন্ত সম্প্রসারণের লক্ষ্যে লালমনিরহাটের সংসদ সদস্যরা সরকারের কাছে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্বকারী সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।