নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের হিসাবে মৃতের সংখ্যা ছিল ৫৭৯ জন। শনিবার (২৯ আগস্ট) নতুন করে আরও ৩৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে দুর্যোগের পর এখনো প্রায় দুই হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর কয়েক দিন ধরে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। দুর্যোগে বহু মানুষ আটকা পড়েছেন। বিভিন্ন এলাকার সড়ক ও যোগাযোগব্যবস্থার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামোর।
নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। রাজধানী কাঠমান্ডুতে কয়েক ডজন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। তাদের অনেকেই ট্রেকিং বা তীর্থযাত্রার উদ্দেশ্যে দুর্গত এলাকায় গিয়েছিলেন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি নুওয়াকোট জেলা। সেখানে বন্যা ও ভূমিধসে বহু ঘরবাড়ি ও সড়ক কাদা ও ধ্বংসাবশেষে ঢেকে গেছে। বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিধ্বস্ত স্থাপনার অংশ। দুর্যোগ থেকে বেঁচে ফেরা অনেক মানুষকে বিপর্যস্ত অবস্থায় দেখা গেছে।
এদিকে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক মাসের বেতন প্রধানমন্ত্রীর দুর্যোগ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেপালের মন্ত্রীরা। শুক্রবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ।
নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।