আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে। আগামী গ্রীষ্মের আগেই দেশে ন্যূনতম তিন হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে যশোর পিটিআই অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে আসবে। সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। উদ্যোক্তাদের নানা সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। ফলে আগামী গ্রীষ্মের আগেই ন্যূনতম তিন হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে দেশ। তখন বিদ্যুতের ঘাটতি কমবে।’
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। এর প্রভাব থেকে বাংলাদেশও পুরোপুরি বিচ্ছিন্ন থাকতে পারে না।
তিনি বলেন, ‘সৌদি আরব তো তেলের ওপর ভাসছে। সেখানে কেন তেলের দাম বাড়ল? মার্কিন যুক্তরাষ্ট্রে কেন তেল-গ্যাসের দাম বাড়ল? বিশ্ববাজারে দাম তো বাড়ছে। সেখানে আমাদের মতো দেশে কত দিন সমন্বয় না করে থাকবে সরকার?’
তবে সরকার জনগণের কথা বিবেচনায় রেখে মূল্য সমন্বয়ের চেষ্টা করছে বলে জানান তিনি। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির পরিমিত ব্যবহারের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
শিক্ষকদের উদ্দেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষার ভিত্তি গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মানসম্মত স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করতে হবে।
তিনি বলেন, ‘অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না। সরকারের পক্ষ থেকে তার দায়িত্ব নেওয়া হবে।’
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, দলীয় কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, ‘কেউ যদি করতে চায়, তার বিরুদ্ধে প্রথমে সাংগঠনিক, পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।