রংপুরের তারাগঞ্জ উপজেলায় পদ্মফুল তুলে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার একটি গ্রামে ঘটেছে।
এ ঘটনায় শনিবার (২৯ আগস্ট) রাতে শিশুটির মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শামনুর রহমান (২১) একই উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ছয় বছর বয়সী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় শামনুর রহমান তাকে বিল থেকে পদ্মফুল তুলে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পরিবারের।
পরে শিশুটি বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানায়। কিছু সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা রাত সাড়ে ৮টার দিকে তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে রয়েছেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।