দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে গিয়ে আব্বাস উদ্দিনের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন মোনায়েম মুন্না। তিনি চিকিৎসাধীন যুবদল নেতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় মোনায়েম মুন্না বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আব্বাস উদ্দিনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আব্বাস উদ্দিনের পাশে যুবদল ও বিএনপি পরিবার সবসময় থাকবে বলেও আশ্বাস দেন যুবদল সভাপতি।
এ সময় যুবদলের সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান মাহফুজ, ফেরদৌস মুন্না, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মো. শাহেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক আজগর, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, মো. শাহজাহান চৌধুরী, ইউসুফ চৌধুরী, মোজাম্মেল হক ও মোশারফ হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।