গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় কেবল আন্দোলন নয়, বরং বাস্তবসম্মত বিকল্প পরিকল্পনা উপস্থাপনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলন করা বিরোধী দলের অধিকার। তবে একই সঙ্গে তারা কীভাবে এই সংকটের সমাধান করা সম্ভব, সে বিষয়ে সুস্পষ্ট প্রস্তাবও দিতে পারে। জাতীয় সংসদে এ বিষয়ে আলোচনা ও পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তার ভাষ্য অনুযায়ী, বর্তমান জ্বালানি সংকটের পেছনে আন্তর্জাতিক পরিস্থিতি এবং অতীতের কিছু ভুল নীতিগত সিদ্ধান্ত দায়ী। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে।
তিনি বলেন, সরকারের সমালোচনা বা রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক চর্চার অংশ হলেও দেশের স্বার্থে গঠনমূলক সমাধানের পথও দেখাতে হবে। পরিকল্পিতভাবে অচলাবস্থা সৃষ্টি না করে সংকট উত্তরণের উপায় খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সে সময় সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা গান, নৃত্য ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে আন্দোলনকারীদের অনুপ্রাণিত করেছিলেন এবং সাহস জুগিয়েছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।
আলোচনা পর্ব শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।