বিয়ের সময় অনেক ক্ষেত্রে হবু শ্বশুরের কাছে পাওনা ঋণের টাকা মওকুফ করে সেটিকেই কনের মোহর হিসেবে গণ্য করার চিন্তা করা হয়। তবে ইসলামী শরিয়তের দৃষ্টিতে এ পদ্ধতি বৈধ নয় বলে জানিয়েছেন আলেমরা।
শরিয়ত অনুযায়ী, মোহর স্ত্রীর একান্ত ব্যক্তিগত অধিকার। তাই বাবার ঋণ মওকুফকে কনের মোহর হিসেবে নির্ধারণ করলে স্ত্রীর প্রাপ্য মোহর আদায় হয় না। কারণ, ঋণটি বাবার সঙ্গে সংশ্লিষ্ট, কনের সঙ্গে নয়।
ইসলামী বিধান অনুযায়ী, স্বামীকে প্রথমে স্ত্রীর নির্ধারিত মোহর যথাযথভাবে পরিশোধ করতে হবে। এরপর স্ত্রী যদি স্বেচ্ছায় সেই অর্থ থেকে বাবার ঋণ পরিশোধ করতে চান, তাহলে তা বৈধ হবে। এতে মোহরের অধিকারও আদায় হবে এবং ঋণও পরিশোধ হবে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, “তোমরা নারীদের তাদের মোহর সন্তুষ্টচিত্তে প্রদান কর।” (সুরা নিসা: ৪)
তাফসির ও ফিকহি গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে, মোহর নারীর অধিকার এবং তা স্বামীর ওপর আবশ্যক। একই সঙ্গে হাদিসে মোহর পরিশোধে গাফিলতি বা প্রতারণার বিষয়ে কঠোর সতর্কতা এসেছে।
আলেমদের মতে, কোনো ব্যক্তির সম্পদ বা অধিকার তার স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারে না। ফলে কনের সম্মতি ও মালিকানা প্রতিষ্ঠার আগে তার প্রাপ্য মোহর অন্য কোনো খাতে সমন্বয় করা শরিয়তসম্মত নয়।
তাই বিয়ের ক্ষেত্রে মোহর সরাসরি কনেকে প্রদান করাই শরিয়তের নির্দেশনা। পরে তিনি নিজের ইচ্ছায় সেই অর্থ যেকোনো বৈধ খাতে ব্যয় করতে পারবেন।