রংপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সিটের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে গাঁজা পরিবহনের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের হাবু বালারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুটি সিটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে গাঁজা বহন করা হচ্ছিল। পরে তল্লাশি চালিয়ে প্রতিটি সিট থেকে সাড়ে ৪ কেজি করে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।