সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল-২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এ বেতনস্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। ফলে ১ জুলাই থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বকেয়া বেতন পাবেন সরকারি কর্মচারীরা। একই সুবিধা পাবেন পেনশনভোগীরাও।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ গত ১৭ সেপ্টেম্বর জারি করা হলেও গেজেট প্রকাশ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর।
গেজেট অনুযায়ী, নতুন বেতনস্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ৯ম গ্রেড ও তদূর্ধ্ব এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার পৃথকভাবে নির্ধারণ করা হয়েছে।
এতে বলা হয়েছে, নতুন বেতনস্কেলে নির্ধারিত বেতন এবং ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত বা প্রাপ্য বর্তমান বেতনের পার্থক্যের ৪০ শতাংশ ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মচারীদের এবং ৫০ শতাংশ ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রদান করা হবে।
পরবর্তী ধাপে ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত ৯ম গ্রেড ও তদূর্ধ্বদের ক্ষেত্রে ওই পার্থক্যের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ৭৫ শতাংশ দেওয়া হবে।
এরপর ১ জুলাই ২০২৭ থেকে জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্টসহ শতভাগ মূল বেতন কার্যকর হবে।
গেজেটে আরও বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের বেতন কর্মচারীরা বকেয়া হিসেবে পাবেন। তবে এ সময়ে বিশেষ সুবিধা বাবদ যে অর্থ ইতোমধ্যে দেওয়া হয়েছে, তা বকেয়া বেতনের সঙ্গে সমন্বয় করা হবে।
পেনশনভোগীদের ক্ষেত্রেও একই ধরনের ধাপে ধাপে সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০ হাজার ১ টাকা বা তার বেশি বিদ্যমান নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির ৪০ শতাংশ এবং ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনের ক্ষেত্রে ৫০ শতাংশ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেওয়া হবে।
পরবর্তী ছয় মাসে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশে উন্নীত হবে। ১ জুলাই ২০২৭ থেকে নতুন বেতনস্কেল অনুযায়ী পূর্ণ হারে নিট পেনশন প্রদান করা হবে।
অবসরপ্রাপ্ত ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের পেনশন বকেয়া হিসেবে পাবেন।
এদিকে জাতীয় বেতনস্কেল-২০২৬ কার্যকর হওয়ার তারিখ থেকে বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে। তবে ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসরোত্তর ছুটিতে ছিলেন, তারা অবসরোত্তর ছুটি শেষ না হওয়া পর্যন্ত পূর্বের হারে বিশেষ সুবিধা পেতে থাকবেন।