জাতির প্রয়োজনে যেকোনো সময় এক দফা কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার বিকেলে ১১ দলীয় জোটের দ্বিতীয় দফার ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে বগুড়ার বিমানমোড়ে (সাতমাথা) আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। জুলাই সনদও বাস্তবায়ন করা হয়নি। এক কোটি মানুষের কর্মসংস্থানের পরিবর্তে এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, দেশে দুর্নীতি বেড়েছে। সরকারি চাকরির ভাইভায় নম্বর দ্বিগুণ করা হয়েছে দলীয় লোকদের নিয়োগ দেওয়ার জন্য। মানুষ সার, গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এসব দাবির পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ বাস্তবায়ন, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট সমাধানসহ আট দফা দাবি বাস্তবায়নের জন্যই লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে।
সরকারকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতির প্রয়োজনে যেকোনো সময় ঘোষণা আসবে এক দফার।’
১১ দলীয় জোটের এ লংমার্চ গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। কর্মসূচিতে সাতটি জনসভা ও পাঁচটি পথসভা অনুষ্ঠিত হচ্ছে।