রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পরিচালিত এক যৌথ অভিযানে তাদের হেফাজতে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম গণমাধ্যমকে জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করতে জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে বেশ কয়েকজন ব্যক্তি অবস্থান করছিলেন এবং সেখানে বৈঠক চলছিল বলে তথ্য পাওয়া যায়। একই সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগও রয়েছে।
এসব তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ক্রাইম বিভাগের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত ও তথ্য বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান শেষে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।