পাটগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে নিহত ৩, আহত অন্তত ৭
সবশেষ আপডেট :
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
৭২
জন সংবাদটি দেখেছেন
লালমনিরহাটের পাটগ্রামে একটি ইজিবাইককে পেছন থেকে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুণ্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রাক একই পথে চলা একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে গিয়ে আছড়ে পড়ে। একই সময় ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে বাজার এলাকার কয়েকটি দোকানের ওপর উঠে যায়।
দুর্ঘটনায় ইজিবাইকের যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সাতজন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।