লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর (ডাঙ্গাপাড়া) গ্রামের নুর আমীন (৩০), গুড়িয়াটারী (ছাড়ারপাড়) গ্রামের ফাতুল হোসেন (৩৫), মোস্তাকিম (১৮) এবং দুপুরে রংপুর নেওয়ার পথে বুড়িমারী বাজার এলাকার আরও একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাম্বুলেন্সচালক আনোয়ার হোসেন।
আহতদের মধ্যে রয়েছেন দিপু (৩০), মিশন (২০), আইনুল হক (৩৫), বাদশা (৫৫), জাফর (৬০) ও অটোরিকশাচালক সাইফুল ইসলাম (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি খালি দশচাকার ট্রাক ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের বাম পাশের চাকা হঠাৎ বিকট শব্দে ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়।
পরে ট্রাকটি মহাসড়কের পাশে থাকা কয়েকটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহতদের রংপুর মেডিকেলে পাঠানো হয়।
দুর্ঘটনায় স্থানীয় ব্যবসায়ী আলমগীর, কালুয়া ও এক সার ব্যবসায়ীর তিনটি দোকান সম্পূর্ণ ভেঙে যায়।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহত হয়েছেন ছয়জন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী চালক পলাতক রয়েছেন।”