গঠনের মাত্র ছয় দিনের মাথায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নবগঠিত সহায়ক কমিটির সব কার্যক্রম স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২২ সেপ্টেম্বর গঠিত সহায়ক কমিটির কার্যক্রম সরকারের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
প্রজ্ঞাপনে কার্যক্রম স্থগিতের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে নির্দেশনার অনুলিপি বেসিসের প্রশাসক, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব, বেসিসের হেড অব সার্ভিস জান্নাতুল ফেরদৌসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২২ সেপ্টেম্বর বেসিসের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নতুন নির্বাচন আয়োজনের প্রস্তুতির লক্ষ্যে সহায়ক কমিটি গঠন করা হয়। তবে কমিটি ঘোষণার পর থেকেই এর সদস্য নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
একাধিক সূত্রের দাবি, কমিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বা সমর্থক হিসেবে পরিচিত কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয় এবং কমিটি বাতিলের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদনও জমা পড়ে।
এর আগে বেসিসে নির্বাচনকে কেন্দ্র করে একাধিক তফসিল বাতিল, প্রাথমিক সহায়ক কমিটির পদত্যাগ এবং দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে নতুন করে গঠিত সহায়ক কমিটির কার্যক্রমও ছয় দিনের মাথায় স্থগিত হওয়ায় সংগঠনটির চলমান সংকট আরও গভীর হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বেসিসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।