রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান।
তিনি জানান, গ্রেফতার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা। মাটিকাটায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতারের সময় সংসদ সদস্য আব্দুল গফুরও সেখানে উপস্থিত ছিলেন।
ডিবির এই কর্মকর্তা বলেন, মামলাটিতে এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মিজানুর রহমান মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।
তবে তার রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান উপ-কমিশনার আনোয়ার হোসেন খান। তিনি বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
গত শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় প্রকল্পের ভেতরে থাকা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলার অভিযোগ ওঠে।
এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হামলার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এ ঘটনায় আরও গ্রেফতারের সম্ভাবনাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।