নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রংপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে এস এম সাব্বির আহমেদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে এ কে এম তানিম আহসান চপলকে।
মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) কমিটি ঘোষণার বিষয়টি সভাপতি মনোনীত সাব্বির আহমেদের তার ফেসবুক পোস্টের মাধ্যমেই প্রকাশ করেছেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আহমেদ ইনান স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই তালিকায় রংপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম নিয়ে নানা আলোচনা চলমান রয়েছে। এর মধ্যেই রংপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।
এ বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।