বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপিকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন এলাকায় কৃত্রিম সারসংকট সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমন এলাকাগুলোতে সারের সংকট বা সার নিয়ে কোনো আন্দোলন হয়নি। বরং যেখানে জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বা দলটির প্রভাব বেশি রয়েছে, সেসব এলাকাতেই কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হয়েছে।
তিনি দাবি করেন, জনগণকে বিভ্রান্ত করতে জামায়াতের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দিয়েছেন। এর মাধ্যমে সরকারকে বিব্রত ও হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।
মীর শাহে আলম বলেন, “দলীয় নেতাকর্মী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে সারের সরবরাহ স্বাভাবিক রয়েছে।”
সার সরবরাহ নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের চাহিদার তুলনায় দেড় গুণ বেশি সার আমদানির প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে সারের সরবরাহে বড় ধরনের সংকট হওয়ার আশঙ্কা নেই।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর রংপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়ও দেশের বিভিন্ন এলাকায় কৃত্রিম সারসংকট তৈরির অভিযোগ তুলেছিলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। আগামী বছরের ৬ জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিতর্ক বা কলঙ্ক বিএনপি সরকার নিতে চায় না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনেই সরকার কাজ করছে।”
তবে প্রতিমন্ত্রীর এসব অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।