বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ জন সংবাদটি দেখেছেন
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্প ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল রাজধানীর সেগুনবাগিচায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, গোলাম মহিউদ্দিন চৌধুরী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। তাঁকে নিয়ে এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।

তিন আসামি তিন দিনের রিমান্ডে

এদিকে একই মামলায় গ্রেপ্তার তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন মামুন (৩২), আসলাম (২৪) ও মুন্না (২৯)।

তদন্ত কর্মকর্তা তাঁদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় যা বলা হয়েছে

মামলার অভিযোগ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে আনুমানিক ৫০ জন ব্যক্তি দলবদ্ধভাবে প্রবেশ করেন।

মামলার বাদীর অভিযোগ, এ সময় হামলাকারীরা প্রায় ৫০টি গুলি ছোড়েন এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ অর্থ, ল্যাপটপ, কম্পিউটার, বৈদ্যুতিক তার, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যান। এ সময় গাড়িও ভাঙচুর করা হয়।

বাদীপক্ষের দাবি, হামলা ও ভাঙচুরে প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি প্রায় ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের মালামাল লুট বা চুরি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

একই ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ নামের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।

পুলিশকে লক্ষ্য করে গুলির অভিযোগ

মামলার অভিযোগ অনুযায়ী, ঘটনার খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষায় পুলিশ শটগান থেকে পাঁচটি গুলি ছোড়ে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

ঘটনাস্থল থেকে প্রথমে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন অভিযানে আরও কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

সর্বশেষ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারের পর এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com