দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জারি করা এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি। নতুন দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিইআরসি জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাব, গণশুনানি ও সার্বিক পর্যালোচনার ভিত্তিতে ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। নতুন সিদ্ধান্তের ফলে প্রতি লিটারে দাম বেড়েছে ১১ টাকা ৯২ পয়সা।
গত কয়েক মাসে ফার্নেস অয়েলের দামে ওঠানামা দেখা গেছে। গত ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়। পরবর্তী দুই মাসে আরও কমে তা ৯৬ টাকা ৮৬ পয়সায় নেমে আসে। তবে এবার এক ধাক্কায় উল্লেখযোগ্য হারে দাম বাড়ানো হলো।
বিইআরসি বলছে, আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করেই ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার গত ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১ জ্বালানির মূল্য নির্ধারণের দায়িত্ব কমিশনের কাছে হস্তান্তর করে।
এর আগে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি গণশুনানির পর প্রথমবারের মতো ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে।