গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনীতিবিদদের পাশাপাশি গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সমাজে ন্যায়বিচার, সত্য ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে স্বচ্ছতা নিশ্চিত এবং ক্ষমতার অপব্যবহার রোধেও গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ ও সদস্যসচিব ইলিয়াস হোসেন সংগঠনের বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এ সময় সাংবাদিকদের কল্যাণে বিজেসির নেওয়া বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে স্বাস্থ্যবীমা কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজে জবাবদিহি ও স্বচ্ছতা আরও শক্তিশালী করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে বিজেসির ট্রাস্টি তালাত মামুন, নির্বাহী জান্নাতুল ফেরদৌসী মানু, সাইফুল শাহীন, নায়লা পারভীন পিয়া, সদস্য মাহমুদ হাসান, আজিজুর রহমান কিরন, শরিফুল ইসলাম খান ও বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।