রাজধানীর গুলশানে অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান টস বন্ড প্রাইভেট লিমিটেডের চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে অংশ নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপ্লোমেটিক ওয়্যারহাউসটির কার্যক্রমে গুরুতর অসংগতি পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট চারটি ওয়্যারহাউসে পণ্য সংরক্ষণ করছে। এর মধ্যে দুটি অনুমোদিত হলেও বাকি দুটি ছিল অননুমোদিত।
এনবিআর জানায়, বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত পণ্য অননুমোদিত গুদামে স্থানান্তর বা অপসারণের আশঙ্কা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।