বাংলাদেশের সীমান্তসংলগ্ন ভারত ও মিয়ানমার এলাকায় একের পর এক ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে তিনটি পৃথক ভূমিকম্পের ঘটনা ঘটে।
এতে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে ভারতের মিজোরাম রাজ্যের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
পরে রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়।
পরপর কয়েকটি ভূমিকম্পের কারণে সীমান্তবর্তী অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন স্থানে কম্পন টের পান বাসিন্দারা। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অনেকেই ঘুম থেকে জেগে ওঠেন বলে জানিয়েছেন।
তবে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।