বিদায়ী ম্যাচের প্রস্তুতিতে জাতীয় দলের ক্যাম্পে মেসি, ভাইরাল ছবি
সবশেষ আপডেট :
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
৭১
জন সংবাদটি দেখেছেন
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ ঘিরে ফুটবল বিশ্বে বাড়ছে উন্মাদনা। এরই মধ্যে জাতীয় দলের ক্যাম্পে তার আগমনের একটি ছবি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, আর্জেন্টিনা জাতীয় দলের ট্রেনিং কমপ্লেক্সে পৌঁছাচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি। রোজারিওতে দুই দিন কাটানোর পর তিনি বুয়েনস আইরেসে ফিরে জাতীয় দলের সঙ্গে যোগ দেন।
কোচ লিওনেল স্কালোনির অধীনে শেষবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। পরিকল্পনা অনুযায়ী, কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ এবং বুরকিনা ফাসোর বিপক্ষে বড় জয়ের ম্যাচে অংশ নেননি মেসি।
তবে চলতি আন্তর্জাতিক উইন্ডোর তৃতীয় ও শেষ ম্যাচে তাকে মাঠে দেখা যাবে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টায় বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খেলবেন তিনি।
বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে মেসির জন্য বিশেষ একটি জার্সিও প্রস্তুত করা হয়েছে। জার্সিটিতে থাকবে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী দুটি হালকা নীল স্ট্রাইপ এবং মাঝখানে সাদা স্ট্রাইপ। কেন্দ্রস্থলে থাকবে জাতীয় পতাকার সূর্যের প্রতীক। এছাড়া তার নাম ও জার্সি নম্বর সোনালি রঙে লেখা থাকবে।
জানা গেছে, ম্যাচ শেষে এই বিশেষ জার্সিটি মেসির ব্যক্তিগত সংগ্রহশালায় সংরক্ষণ করা হবে, যেখানে তার ক্যারিয়ারের বিভিন্ন ট্রফি, পদক ও স্মারক স্থান পাবে।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের জাতীয় দলের ক্যারিয়ারের শেষ অধ্যায়কে ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।