১০ বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদের পথে প্রীতম হাসান ও শেহতাজ
সবশেষ আপডেট :
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
১৩৩
জন সংবাদটি দেখেছেন
দীর্ঘ এক দশকের সম্পর্ক ও প্রায় চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম।
রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহতাজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন।
পোস্টে শেহতাজ লেখেন, “প্রীতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য তারা কৃতজ্ঞ। তবে সময়ের সঙ্গে দুজনই উপলব্ধি করেছেন যে, পারস্পরিক বোঝাপড়ার ঘাটতির কারণে আলাদা পথ বেছে নেওয়াই তাদের জন্য ভালো হবে।
শেহতাজ জানান, অনেক চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিবারের সমর্থন নিয়ে তারা বর্তমানে বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করছেন।
প্রীতম ও শেহতাজের পরিচয় হয় ২০১৭ সালে প্রীতম হাসানের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে কাজ করার সময়। সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্কের শুরু। প্রায় পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর সিলেটের শ্রীমঙ্গলে পারিবারিক আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।
শ্রীমঙ্গলের চা-বাগানঘেরা একটি পাঁচ তারকা রিসোর্টে অনুষ্ঠিত সেই বিয়ে সে সময় শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। বিয়ের আগের দিন অনুষ্ঠিত হয়েছিল গায়েহলুদের আয়োজনও।
তাদের বিচ্ছেদের খবরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই জুটির ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।