গাইবান্ধার পলাশবাড়ী ও লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা, ৩৫ বোতল এসকাফ সিরাপ ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার বগুড়া-রংপুর মহাসড়কের আতিয়ার হাজীর বিল্ডিং এলাকায় চেকপোস্ট বসায় এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শানে খোদা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ছামিউল হক নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি এলাকায় অভিযান চালায় এসআরবি-১৩-এর আরেকটি দল। গোপন সংবাদের ভিত্তিতে খাইরুল ইসলামের বাড়ির সামনে ইটের খোয়ার ভেতর থেকে ৩৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় খাইরুল ইসলাম (২২)কে গ্রেপ্তার করা হয়।
পরে রাত সাড়ে ৮টার দিকে একই এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় খাইরুল ইসলাম (৪৮) নামে অপর এক ব্যক্তির বসতঘরের খাটের নিচ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৩ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।