আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—এই ছুটি থাকবে। তবে ছুটি সমন্বয়ের জন্য আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর ছুটি থাকবে। এই ছুটি সমন্বয়ের লক্ষ্যে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা রাখা হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠান, যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।
এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সেবা, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাকসেবা।
হাসপাতাল ও অন্যান্য জরুরি স্বাস্থ্যসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবেন।
একইভাবে চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোর কার্যক্রমও চলবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।