ভারতের সঙ্গে পানি সহযোগিতায় কমিটি গঠন, প্রতিনিধি তালিকা চাইল বাংলাদেশ
সবশেষ আপডেট :
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
৬৩
জন সংবাদটি দেখেছেন
ভারতের সঙ্গে পানি সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। একই সঙ্গে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নিতে ভারতীয় প্রতিনিধিদের নামও চেয়েছে ঢাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, বাংলাদেশের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক আইন ও ন্যায্যতার ভিত্তিতে পানির হিস্যা নিশ্চিত করা। এ জন্য দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও নিয়মিত সংলাপ প্রয়োজন।
প্রতিমন্ত্রী জানান, পানি ইস্যুতে আলোচনা এগিয়ে নিতে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। এখন ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নামের অপেক্ষায় রয়েছে সরকার।
হুমায়ুন কবির বলেন, “আমরা ভারতের কাছে প্রতিনিধি তালিকা চেয়েছি, যাতে উভয় দেশের প্রতিনিধিরা আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে পারেন। এখন তাদের জবাবের অপেক্ষা করতে হবে।”
গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ভারত ইতিবাচক সাড়া দেবে বলে বাংলাদেশ আশাবাদী। দ্রুত প্রতিনিধি তালিকা পাওয়া গেলে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে এবং পরবর্তী মেয়াদের পানি চুক্তি নবায়নের বিষয়েও অগ্রগতি সম্ভব হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সহযোগিতার মনোভাব থাকলে পানি বণ্টনসহ যেকোনো জটিল বিষয় আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। কূটনীতি, সংলাপ ও পারস্পরিক আস্থার ভিত্তিতেই এ ধরনের ইস্যুর টেকসই সমাধান খুঁজে বের করতে হবে।
সেমিনারে পানি ব্যবস্থাপনা, আঞ্চলিক সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই জলসম্পদ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।