আন্তর্জাতিক ডেস্ক | এক মাসেরও বেশি সময় আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ২৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরও দুইজনের মরদেহ এবং পাঁচজন আহত অবস্থায় ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় ২৬০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আরও ৬৩২ জন আহত হয়েছেন।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পূর্ববর্তী হামলার ধ্বংসস্তূপ থেকে আরও ৫৩৩ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট ৬৯ হাজার ১৮৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৭০৩ জন আহত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলার এই ধারা শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে এবং গাজার মানবিক বিপর্যয়কে গভীরতর করছে।