সিজারের পর পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ, ৫ মাস পর নার্সের মৃত্যু
সবশেষ আপডেট :
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
৯০
জন সংবাদটি দেখেছেন
রাজবাড়ীর গোয়ালন্দে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই করার অভিযোগের ঘটনায় ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী মো. রাকিবুল ইসলাম।
বিথী আক্তার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধারপাড়া এলাকার বাসিন্দা। গত ৬ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার সিজারিয়ান অপারেশন করা হয়। পরিবারের অভিযোগ, ওই অস্ত্রোপচারের সময় তার পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়া হয়েছিল।
স্বজনরা জানান, সিজারের পর থেকেই বিথী নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকেন। অবস্থার অবনতি হলে প্রায় দুই মাস পর তার আবার অস্ত্রোপচার করা হয়। পরে নাড়িতে জটিলতা দেখা দিলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার অংশ হিসেবে তার বাইপাস সার্জারিসহ একাধিক জটিল চিকিৎসা করা হলেও অবস্থার উন্নতি হয়নি।
পরিবারের দাবি, দীর্ঘদিন অসুস্থতায় ভোগার কারণে বিথীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। একসময় ৬১ কেজি ওজনের এই নারীর ওজন কমে ৩৮ কেজিতে নেমে আসে। তিনি নিজের নবজাতক সন্তানকে কোলে নেওয়া কিংবা বুকের দুধ খাওয়ানোর মতো অবস্থায়ও ছিলেন না।
নিহতের স্বামী রাকিবুল ইসলাম বলেন, স্ত্রীকে সুস্থ করতে দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, বিষয়টি তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি আরও জানান, এর আগে জেলা প্রশাসকসহ তিনি বিথীর বাড়িতে গিয়ে তার শিশুসন্তানের খোঁজখবর নিয়েছিলেন।
এ ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।