তথ্য ও সংস্কৃতি বিভাগের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী, মর্যাদা মন্ত্রীর সমতুল্য
সবশেষ আপডেট :
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
৬৪
জন সংবাদটি দেখেছেন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। নতুন দায়িত্বে তার পদমর্যাদা হবে মন্ত্রীর সমতুল্য।
কলকাতাভিত্তিক দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার গত বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এর আগে তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক অনুষ্ঠানে মিঠুনের নতুন দায়িত্বের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
তবে তথ্য ও সংস্কৃতি বিভাগের উপদেষ্টা হিসেবে মিঠুন চক্রবর্তীর নির্দিষ্ট দায়িত্ব কী হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চলচ্চিত্র ও সংস্কৃতিবিষয়ক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে দেখা গেছে মিঠুনকে। এছাড়া আগামী ১৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করছেন তিনি।
সম্প্রতি নিউ টাউনে ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তীকে ওই কেন্দ্রের উপদেষ্টা হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ‘মহাগুরু’খ্যাত এই অভিনেতাকে শিগগিরই আরও বড় দায়িত্বে দেখা যাবে।
বাংলা ও হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা একসময় নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং দলটির মনোনয়নে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।
২০১৬ সালের ডিসেম্বরে তিনি রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। এরপর থেকে পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম প্রচারমুখ হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মিঠুন চক্রবর্তী।