জাতীয় দলের জার্সিতে বিদায়ের রাতটাকেই আরও স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে পরা জার্সিগুলোর একটি নিজের হাতে স্বাক্ষর করে উপহার দিয়েছেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটকে।
জার্সিটি শুধু উপহারই দেননি মেসি, উৎসর্গ করেছেন রিভার প্লেটের সমর্থকদের জন্যও। ইতোমধ্যে ঐতিহাসিক জার্সিটি জায়গা পেয়েছে ক্লাবটির জাদুঘরে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বেনিনের বিপক্ষে মনুমেন্তালে পরা বিশেষ জার্সিগুলোর একটিতে স্বাক্ষর করেন মেসি। সেখানে তিনি লিখেছেন, ‘অনেক ভালোবাসা, রিভার প্লেটের ভক্তদের জন্য, লিও।’
রিভার প্লেটের ‘সম্মানসূচক সদস্য’ হিসেবে স্বীকৃতি পাওয়ার পরই মেসি এই বিশেষ উপহার দেন। গত বুধবার ক্লাবটির সভাপতি স্টেফানো দি কার্লো মেসির হাতে সম্মানসূচক সদস্যপদের কার্ড ও স্মারক ক্রেস্ট তুলে দেন। একই অনুষ্ঠানে মেসির জন্য লাল ব্যান্ডসহ তাঁর নাম ও ১০ নম্বর লেখা লাল-সাদা জার্সিও তৈরি করা হয়।
পরে মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সিটি রিভার প্লেটের জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়। ফলে এখন ক্লাবটির সমর্থকেরা সরাসরি দেখতে পারবেন আর্জেন্টিনার হয়ে মেসির বিদায়ী ম্যাচের স্মৃতিবিজড়িত এই জার্সি।
ক্লাব কর্তৃপক্ষও মেসির উপহারকে বিশেষভাবে তুলে ধরে জানিয়েছে, জাতীয় দল থেকে তাঁর অবিস্মরণীয় বিদায়ের দিনে সম্মানসূচক সদস্যপদ পাওয়ার পর আর্জেন্টাইন অধিনায়ক তাঁর শেষ আকাশী-সাদা জার্সিটি রিভার প্লেটের সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করেছেন।
এভাবে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচের স্মৃতিও এবার যুক্ত হলো রিভার প্লেটের ইতিহাসের সঙ্গে।