কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আবারও সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। জেলার ১৮টি থানা এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৫২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় বিশেষ এ অভিযান পরিচালিত হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলার যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও আড্ডার অভিযোগ বেশি, সেসব স্থানকে বিশেষভাবে চিহ্নিত করে অভিযান চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি মাঠে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
পুলিশ জানিয়েছে, আটক ২৫২ জনের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আটক সবাই কিশোর গ্যাংয়ের সদস্য কিংবা অপরাধে জড়িত—এমনটি এখনো নিশ্চিত করেনি পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, উঠতি বয়সের কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশ নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, কিশোর অপরাধ প্রতিরোধ ও নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর।
তবে অভিযানের নামে কোনো সাধারণ কিংবা নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ নজরদারি রাখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।