রংপুরের পীরগাছা উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চণ্ডিপুর এলাকার মৌলভীপাড়া গ্রামের মোস্তফার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর স্থানীয় বাসিন্দারা পুকুরের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পীরগাছা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুরের পানি থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য স্থানীয় বাসিন্দাদের মরদেহটি দেখানো হয়। তবে উপস্থিত কেউ ওই নারীকে শনাক্ত করতে পারেননি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাগরিবের নামাজের পর পুকুরে মরদেহ ভাসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়।
ওসি সেলিম মালিক বলেন, ‘মাগরিবের পর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে মরদেহটি তুলে পরিচয় নিশ্চিত হতে স্থানীয়দের দেখাই। তবে কেউই মরদেহটি শনাক্ত করতে পারেনি। আমরা সিআইডি টিমকে খবর দিয়েছি। তারা এলে পরিচয় শনাক্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।’
তবে নিহত নারীর বয়স, পরনের পোশাক কিংবা শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।