ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। প্রথম ধাপে ভোট হবে ২১ জানুয়ারি। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করা হবে। বাংলাদেশ আর সহিংসতাপূর্ণ নির্বাচনের পথে হাঁটবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে সোমবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশনের সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।