জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ঢাকার বাসায় ‘মব’ সৃষ্টি করে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ও জেলা জাতীয় পার্টি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নগরীর সেন্ট্রাল রোডে দলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি জাহাজ কোম্পানি মোড় প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে ফিরে আসে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর শাখার সভাপতি, সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর শাখার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা শাখার আহ্বায়ক আজমল হক লেবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ দলের অন্য নেতারা।
সমাবেশে মোস্তাফিজার রহমান মোস্তফা অভিযোগ করেন, দেশে এখনো ‘মবের রাজনীতি’ চলছে। এর কারণে বিচার বিভাগ, পুলিশ ও প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, মবের রাজনীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।
জি এম কাদেরের বাসায় হামলার প্রসঙ্গ তুলে মোস্তফা বলেন, দিনের বেলায় এ ধরনের হামলা ও ভাঙচুরের সময় পুলিশ নীরব ছিল কেন, তা দেশের মানুষ জানতে চায়। হামলাকারীদের পরিচয় শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, মবের কারণে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও বিচার বিভাগের কেউই নিরাপদ নন। আদালত চত্বরে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে কারা, তা চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
রংপুরে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থান প্রসঙ্গে মোস্তাফিজার রহমান বলেন, রংপুরে দলটির সাংগঠনিক ভিত্তি এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমানে দলীয় কার্যক্রম সীমিত থাকলেও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
সমাবেশ থেকে জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।