রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদের সাটারিং ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের আরাজী গঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আসাদুল এবং রংপুর মহানগর এলাকার শিহাব উদ্দিন। আহত তিন শ্রমিককে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তা।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার জানান, মঙ্গলবার সকাল থেকে ওই ভবনের বারান্দার ছাদ নির্মাণের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। বিকেলে হঠাৎ সাটারিং ভেঙে পড়লে পাঁচজন শ্রমিক ধসে পড়া অংশের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। সেখান থেকে আসাদুল ও শিহাব উদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত তিন শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকি উল বারি জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। নিহত ও আহতদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।