আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন মামলায় ফারজানা রুপার পক্ষে লড়তে যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবীকে অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করা হয়েছে। আইনজীবী দুজন হলেন জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ফারজানা রুপার নিযুক্ত আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক বার কাউন্সিলের সচিবের কাছে এ আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়েছে, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবী জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক গত ১ অক্টোবর ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের অনুমতি চেয়েছেন।
আবেদনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার উল্লেখ করা হয়েছে। ওই ধারার বিধান অনুযায়ী, বার কাউন্সিলের পূর্বানুমতি সাপেক্ষে ট্রাইব্যুনাল কোনো বিদেশি আইনজীবীকে দায়িত্ব পালনের অনুমতি দিতে পারেন।
ফারজানা রুপা বর্তমানে আইসিটি-বিডি মামলা নম্বর ০৫/২০২৬-এর আওতায় আটক রয়েছেন। আগামী ১ নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
মামলার কার্যক্রম এগিয়ে চলায় দুই ব্রিটিশ আইনজীবীর ট্রাইব্যুনালে উপস্থিত থাকার অনুমতি জরুরি বলে আবেদনে দাবি করা হয়েছে। এ জন্য ন্যায়বিচারের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বার কাউন্সিলের প্রতি অনুরোধ জানিয়েছেন আবেদনকারী।
আবেদনের সঙ্গে ফারজানা রুপার পক্ষে দেওয়া ওকালতনামা, দুই আইনজীবীর ই-মেইল ও মূল আবেদনের অনুলিপি এবং তাঁদের জীবনবৃত্তান্ত সংযুক্ত করা হয়েছে।
তবে দুই ব্রিটিশ আইনজীবীকে বাংলাদেশ বার কাউন্সিল অনুমতি দিয়েছে কি না, সে বিষয়ে আবেদনের তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়নি।