শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগর ভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এ বছর রংপুর নগরীর ১৬৪টি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা করে মোট ২৪ লাখ ৬০ হাজার টাকা অনুদান দিয়েছে সিটি করপোরেশন। অনুষ্ঠানে পূজামণ্ডপ কমিটির নেতাদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রশাসক।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ উন নবী ডন বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য। এ ঐতিহ্য সমুন্নত রেখে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। দুর্গাপূজা যেন আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, দুর্গোৎসবকে ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ সময় পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
সিটি করপোরেশনের প্রশাসক আরও বলেন, নগরীর সব ধর্মের মানুষের কল্যাণে সিটি করপোরেশন কাজ করছে। ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে। এ জন্য পূজামণ্ডপ কমিটির নেতাদের সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি ডা. নিখিলেন্দ্র শঙ্কর গুহ রায়, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, আইন কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমার বিশ্বাসসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।