প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রংপুর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে রংপুর মহানগর যুবদল। একই সঙ্গে মহানগরীর ৩৩টি ওয়ার্ডের ১৬৪টি পূজামণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবী কমিটি গঠন করেছে সংগঠনটি।
আজ রংপুর মহানগর যুবদলের উদ্যোগে গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন।
সভায় বক্তব্য দেন মহানগর যুবদলের সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিঠু।
সভায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, রংপুর মহানগরীর তালিকাভুক্ত ৩৩টি ওয়ার্ডের ১৬৪টি পূজামণ্ডপে যুবদলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সদস্যরা সংশ্লিষ্ট পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, যাতে পূজামণ্ডপগুলোতে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় থাকে।
এ ছাড়া স্বেচ্ছাসেবীদের কার্যক্রম সমন্বয় ও তদারকিতে সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডের নেতারা দায়িত্ব পালন করবেন বলে সভায় জানানো হয়।