মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

মিঠাপুকুরের রিয়াদ প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন জাতীয় পর্যায়ের পুরস্কার

  • সবশেষ আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

রংপুরের মিঠাপুকুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছেন তরুণ কৃষিবিদ মো. রিয়াদ মিয়া। কৃষকদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষিব্যবস্থা গড়ে তোলার উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে ‘আইডিয়া ফেস্ট ২০২৫’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি দল। সেই দলের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহণ করেছেন রিয়াদ।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘আইডিয়া ফেস্ট ২০২৫’-এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০টি দল অংশ নেয়। প্রাথমিক বাছাই শেষে ১৮টি দল সেমিফাইনালে এবং সেখান থেকে সাতটি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়।

গত ১০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। সেখানে ‘Farmer-Centered Smart Agricultural Ecosystem for Future Bangladesh’ শীর্ষক উদ্ভাবনী মডেল উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দলটি।

বিজয়ী দলের মডেলটির মূল লক্ষ্য কৃষকদের জন্য সমন্বিত ও প্রযুক্তিনির্ভর কৃষি ইকোসিস্টেম গড়ে তোলা। এ পরিকল্পনায় কৃষিসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রযুক্তিসেবা, অর্থায়ন ও বাজারব্যবস্থাকে একটি জাতীয় নেটওয়ার্কের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।

এর মাধ্যমে উপজেলা পর্যায় পর্যন্ত আধুনিক কৃষিসেবা পৌঁছে দেওয়া, কৃষিপণ্যের সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং কৃষকদের সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

মডেলটিতে মাটি, জলবায়ু ও বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন পরিকল্পনা, প্রিসিশন কৃষিপ্রযুক্তির ব্যবহার, রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন, কৃষিপণ্যের মূল্য সংযোজন এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির সুযোগ সম্প্রসারণের প্রস্তাব রয়েছে। উৎপাদন থেকে সংরক্ষণ, পরিবহন ও বিপণন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সমন্বয় বাড়ানোর বিষয়টিও এতে তুলে ধরা হয়েছে।

দলের সদস্যদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে কৃষকদের উৎপাদন ব্যয় ও বাজারসংক্রান্ত সমস্যা মোকাবিলায় সহায়ক হতে পারে। তবে এটি এখনো একটি প্রস্তাবিত মডেল; এর বাস্তবায়ন নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও উদ্যোগের ওপর।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজয়ী দলের সদস্যরা হলেন—কৃষি অর্থনীতি অনুষদের ৮০তম ব্যাচের মো. রিয়াদ মিয়া, কৃষি অনুষদের ৭৮তম ব্যাচের মারুফ মোস্তফা মুনিম এবং কৃষি অর্থনীতি অনুষদের ৭৭তম ব্যাচের মো. মুহাইমিনুল ইসলাম। তাঁরা সম্মিলিতভাবে মডেলটি তৈরি ও উপস্থাপন করেন।

রিয়াদ মিয়ার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর (আখিরারটারী) গ্রামে। তাঁর বাবা মো. নুর ইসলাম এবং মা মোছা. রনজিনা বেগম।

রিয়াদ ২০১৮ সালে পাগলারহাট মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে মিঠাপুকুর মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা রিয়াদ কৃষির বাস্তব সমস্যার সমাধানে নিজের অর্জিত জ্ঞান কাজে লাগাতে চান। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানিয়ে রিয়াদ মিয়া বলেন, “এ অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। দেশের উন্নয়নে নিজেদের জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগানোর সুযোগ বড় প্রাপ্তি।”

তিনি আশা প্রকাশ করেন, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নের সুযোগ পেলে দেশের কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

দলের সদস্য মারুফ মোস্তফা মুনিম বলেন, তাঁরা শুধু তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না; বরং অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে কৃষি খাতের সমস্যার কার্যকর সমাধান খুঁজতে চান।

অন্য সদস্য মো. মুহাইমিনুল ইসলাম জানান, কৃষকের কাছে আধুনিক সেবা পৌঁছে দেওয়া, সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং কৃষিকে আরও দক্ষ ও বাজারমুখী করার চিন্তা থেকেই মডেলটি তৈরি করা হয়েছে। এটি সরকারের বিবেচনায় নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঐক্যবদ্ধভাবে কাজ করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। জাতীয় পর্যায়ে এ অর্জন মিঠাপুকুরের তরুণ কৃষিবিদ রিয়াদ মিয়ার শিক্ষা ও উদ্ভাবনী পথচলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com