সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন নুরুল হকের পরিবারের সদস্যরা। এ সময় ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করায় তাঁরা প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০২৩ সালে সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা যান নুরুল হক। তাঁর মৃত্যুর পর পরিবারের ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ আদায়ে কাজ শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে গত সপ্তাহে তাঁর পরিবার ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ গ্রহণ করে।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বর্তমান অবস্থা, নিরাপত্তা ও সার্বিক জীবনযাত্রার খোঁজখবর নেন।
এ সময় শামা ওবায়েদ ইসলাম বলেন, বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশি বিপদে পড়লে কিংবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হলে তাঁর পরিবারের সুরক্ষা নিশ্চিত করা এবং ন্যায্য আইনি ও আর্থিক পাওনা আদায়ে সহযোগিতা করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ বিষয়ে তিনি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।