শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি ঘিরে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সোমবার বিকেল থেকেই বাস, ট্রেন ও লঞ্চে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন অনেকে। এতে রাজধানীর বিভিন্ন পরিবহনকেন্দ্রে যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে।
২০ থেকে ২২ অক্টোবরের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত টানা পাঁচ দিনের অবকাশ তৈরি হয়েছে। এ সুযোগে পরিবারের সঙ্গে পূজা উদ্যাপন করতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন কর্মসূত্রে রাজধানীতে বসবাসকারী অনেকে।
সোমবার সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী লঞ্চের যাত্রীদের ভিড় দেখা যায়। একই চিত্র ছিল রাজধানীর আরামবাগে কুমিল্লাগামী তিশা প্লাস বাস কাউন্টারে। কাউন্টারে কর্মরত এক ব্যক্তি জানান, অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ বেশি থাকলেও আগের ভাড়াই নেওয়া হচ্ছে।
এদিকে কমলাপুর রেলস্টেশনেও যাত্রীদের উপস্থিতি বেড়েছে। পরিবারের সদস্যদের নিয়ে ট্রেন ধরতে আসছেন অনেকে। দীর্ঘ ছুটিতে স্বজনদের সঙ্গে সময় কাটানো এবং পূজার আনন্দ ভাগাভাগি করতেই তাদের এই বাড়ি ফেরা।
সোমবার সন্ধ্যা পর্যন্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে প্রতিবছরই রাজধানীতে বসবাসকারী অনেকে গ্রামের বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে উৎসব উদ্যাপন করেন। এবারও টানা ছুটিকে কেন্দ্র করে রাজধানীর পরিবহনকেন্দ্রগুলোতে ঘরমুখো মানুষের উপস্থিতি বেড়েছে।