ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে অভিষেক হওয়া ডানহাতি স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অবৈধ বলে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ অফিশিয়ালরা।
ম্যাচ অফিশিয়ালদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী এই স্পিনারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অবৈধ বোলিং অ্যাকশনসংক্রান্ত নিয়ম অনুযায়ী, আলিসকে এখন আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে বোলিং অ্যাকশনের স্বাধীন পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় তাঁর অ্যাকশন বৈধ প্রমাণিত হতে হবে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। তিনি বলেন, ‘আমরা দুপুরে জেনেছি, এরপর আইসিসি জানিয়েছে। কয়েকটি দেশের ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা নেওয়া হয়। তবে আলিসেরটা চেন্নাইতে হতে পারে। এখনও সময় জানা যায়নি।’
পরীক্ষার স্থান ও সময় চূড়ান্ত হলে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে পরবর্তী পদক্ষেপ জানা যাবে।