মাদ্রাসায় ধর্ষণের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, “দেশে লক্ষ্য করেছি এ ধরনের ঘটনা ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর। আশা করি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না। এ ব্যাপারে যা করা প্রয়োজন, তাই করব ইনশাআল্লাহ।”
এ ধরনের ঘটনা প্রতিরোধে মসজিদের খুতবায় বিষয়গুলো তুলে ধরতে ইমামদের প্রতি আহ্বান জানান তিনি। ধর্মমন্ত্রী বলেন, ইমামরা খুতবায় শরিয়তের নির্দেশনা অনুযায়ী কোনটি হারাম, কোনটি হালাল—তা ব্যাখ্যা করলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং তা কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীও অত্যন্ত সচেতন এবং তাঁকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।