জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (২৫ অক্টোবর) দলটির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির আগের কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে ডা. মাহমুদা আলম মিতুকে আহ্বায়ক, নুসরাত তাবাসসুমকে সদস্যসচিব এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে মুখ্য সংগঠক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে নির্দেশ দেওয়া হয়েছে।