গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোপালগঞ্জ সদরের একটি ইউনিয়নের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় টহলরত পুলিশ সেখানে গেলে হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের সদস্যসংখ্যা কম ছিল। এ কারণে পুলিশ সদস্যরা হামলার শিকার হন। ঘটনার ভিডিও সরকার দেখেছে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।