এস এম জসিম উদ্দিন, ঠাকুরগাঁও | ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদারে ব্যবহার করা হচ্ছে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও কে-৯ ডগ ইউনিট। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম।
সোমবার (২৬ অক্টোবর) সকালে নির্বাচনী নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে এসব তথ্য জানিয়েছে ঠাকুরগাঁও বিজিবি। এর আগে রোববার (২৫ অক্টোবর) থেকে নির্বাচনী এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী এলাকায় তাঁরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। একই সঙ্গে বডি-ওর্ন ক্যামেরা ও কে-৯ ডগ ইউনিটের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার মোহাম্মদ সুরুজ মিয়া জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করা এবং ভোটাররা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তাঁদের প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং নির্বাচনী প্রচার-প্রচারণায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীটি সতর্ক অবস্থানে রয়েছে।

পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
বিজিবি জানিয়েছে, সংবিধান, প্রচলিত আইন এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বাহিনীর সদস্যরা।
নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণ, রাজনৈতিক দল, প্রার্থী, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেছে বিজিবি।