আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সম্মেলন (আইডিইএক্স ২০২৭) এবং নেভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশনের (এনএভিডিইএক্স ২০২৭) অষ্টম সংস্করণে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী, দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এ তথ্য জানায়।
দূতাবাসের তথ্য অনুযায়ী, আগামী বছরের ২৫ থেকে ২৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) প্রদর্শনী দুটি অনুষ্ঠিত হবে।
স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষায় সর্বশেষ অগ্রগতি ও উদ্ভাবন তুলে ধরার আন্তর্জাতিক মঞ্চ হিসেবে পরিচিত আইডিইএক্স ও এনএভিডিইএক্স। এসব প্রদর্শনীতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষজ্ঞরা অংশ নেন।
ক্রাউন প্রিন্স শেখ হামদান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি এ গুরুত্বপূর্ণ আয়োজনকে সমৃদ্ধ করবে এবং প্রদর্শনীর সাফল্যে অর্থবহ অবদান রাখবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি তাঁর সর্বোচ্চ সম্মান ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।